Translate

Wednesday, February 12, 2014

কথোপকথন: অশ্রু 

"কেসেন্দ্রা, কেমন আছ ?
কাঁচের শিশিতে জমিয়ে রাখা তোমার অশ্রু 
শুকিয়ে গেছে কবেই 
মাথা থেকে একটি চুল তুলে হাতে দিয়ে বলেছিলে 
রেখে দিয়ো -
আছে এখনো,
তুমি এখন আছ  কেমন ?
দশটি বছর পেড়িয়ে গেল কেমন করে 
আমায় ছাড়া থাকতে তোমার কেমন লাগে?"

"নীলাম্বর, এখনো রাত জাগো?
কার কাছে যেন শুনলাম -
কয়েকটি পাকা চুল খুব বোঝা যায় তোমার,
এখনো কি সপ্তর্ষিতে আমায় আঁকছ 
সপ্তর্ষি যে তোমার বড় প্রিয় ছিল,
আমার আঙুলে আঙুল জড়াতে 
এখনো কি ইচ্ছে করে ?
আমার কিন্তু আজো করে। "

১২/০২/১৪, বিকেল


বিচ্ছেদ

বিচ্ছেদ তোমায়  করছি আমি প্রণাম
তোমার জন্যই আবার কবি হলাম

পরব্রহ্ম নই তো আমি জানি
লীলাবতী শূণ্য আমার জীবন,
সেঁজুতিতে আঁধার কাটেনি
নওরোজ ভোরে কোথায় প্রিয়া এখন ?

বিচ্ছেদ তোমায়  করছি আমি প্রণাম
তোমার জন্যই আবার কবি হলাম

ময়ূরাক্ষী প্রিয়া মোর, ওই চোখে তাকাসনে
চোখের দৃষ্টিতে, আমায় আর পোড়াসনে ,
কবিতার পান্ডুলিপি ছিড়ে আমার হৃদয়ে আজ
বিচ্ছেদে সব সুখ ঘাস হয়ে যায়

বিচ্ছেদ তোমায়  করছি আমি প্রণাম
তোমার স্পর্শেই আবার কবি হলাম

আমার নীলাভ প্রেম রঙহীন ওপেলে
রং হয়ে খেলা করে সিক্ত চুম্বনে
কতবার মেঘ থেকে কাশফুল বনে
তবু আমার ছোঁয়াই পাবে কোনো একাকিনী রাতে

বিচ্ছেদ তোমায়  করছি আমি প্রণাম
শুধু তোমার স্পর্শেই আবার কবি হলাম

২৪/১২/১৩ (রাত্রি), //১৪ (রাত্রি)