Translate

Friday, January 5, 2018

চাপা বনের মেয়ে

কুয়াশা ঢাকা জোছনা তোমায়
আগলে রেখেছে আজো
শীত ঝুমঝুম রাত ঘুমঘুম
হীম শিশিরে আছো।
তুমি চাপা বনের মেয়ে
বুকের ঘ্রাণে লুকিয়ে আছে
সাত জান্নাতের ফুল
মাঝ রাতে তাই খুঁজে পাই না
তোমার মনের কুল।


Wednesday, December 20, 2017

তোমার ঢাকা

ঢাকা শহর তোমার অপেক্ষায় রংহীন ওপেল
ক্রিসেন্ট লেকের ধারে পত্রহীন বানরলরী
ধোয়াচ্ছন্ন আকাশে বেগুনী তারা নিভু নিভু
রিং রোডের প্রাণ চাঞ্চল্য থেমে গেছে একদম
শুধু তুমি নেই বলে ঢাকা আজ অন্ধকার।
ঢাকা বহু ব্যবহারে মলিন, ফুল-পাখি শূন্য
তোমাকে আক্রিষ্ট করার মত ইমারত
কিংবা প্রশস্ত রাস্তা, বিত্তের জৌলুষ
কিচ্ছু নেই এখানে।
তবুও বারবনিতার ভালোবাসার এই শহর
ডিসেম্বরের কুয়াশায় ভেসে গেছে সন্ধ্যা
তারপরও এখানের বাসিন্দারা ভাপা পিঠের
ওম নিচ্ছে, কোন কারন ছাড়াই বন্ধুতা
ঢাকা, এই ঢাকা, একবার প্লিজ ডাকোনা ওকে, বলে দিয়ো সারা জীবন ধরে ভালোবাসছি, শ্রী হীন আমি এই শহর
তবুও এখানেই তোমার পিতা
অপেক্ষায় থাকে
প্রিয় ক্ণ্যার  মুখটি দেখার জন্যে।


Tuesday, December 12, 2017

বৃষ্টি ভেজা মেঘ

স্বপ্ন ভরা রঙিন আরশি দেখছি কল্পনা
কাটার ঘায়ে ঝরছে রক্ত আঁকছি আল্পনা
কাঁদছে রিদয় হাসছি তখন ভীষণ যন্ত্রণা
তবুও তো তোমায় ভাবছি এইতো সান্তনা।
পথ হারিয়ে ঘুরছি শুধু গহীন বন এর পথে
সারা দিন সারা রাত্রি হাটবো বলে সাথে।
আমি নিশুতি রাতের মেঘ
সকাল হলেই নেই হয়ে যাই
বৃষ্টিতে ধুয়ে শেষ।

Monday, December 11, 2017

ভুল

মালনিছড়া পেরিয়ে গাড়ীটা সিলেট শহরে ঢুকতেই
ধক করে উঠল বুকটা
না এটা হতেই পারে না
ও আছে শত মাইল দূরে।
এ রকমটা প্রায়ই হচ্ছে আজকাল
হয়ত চুলের গড়ন কিংবা ঘাড়
একি উচ্চতা গায়ের রং
ভুলটা হয় পেছন থেকেই বেশি।
আমার শত ব্যস্ততা সারা, জীবনেও
এই এক তুমি ছাড়লে না আর
এক মূহুরতের জন্যও
খুব হতো তোমারো এমন হলে।

Saturday, December 9, 2017

বিদায়

আমার সময় শেষ হলো বলে
কত পুরনো পরিচিত এই পথ
জোড়ে দৌড়ালে তখনো হোচট খেতাম
হাত ঘষে দিতাম সবুজ ঘাসে
প্রতিদিনই অবাক হতাম কাঁঠালিচাঁপার গন্ধে
কাঁঠালের গন্ধ কেনো এতো সুন্দর ফুলে,
অনেক বড় হয়ে অবশ্য বুঝেছি
মানুষ ও এমনি।
জীবনে প্রথমবার যখন রাধাঝুমকো দেখি
কি বিস্ময় আমার,
কাঠঠোকরার অদ্ভুত সুন্দর রং,
নীল শাপলা দেখবো বলে
খুব ভোরে তাড়াহুড়ো করে শালবনে
বিল দেখলাম প্রথম
ফেরার পথে হাতে পানিফল
কি আশ্চর্য! পানির নিচের ফল।
আমার অবাক হওয়া আর শেষ হলো না
ছাতিম তলায় দাঁড়ালে আমি
এখনো অবাক হই।
এক জীবনের কত গল্প ফুরোয় তো না
কিন্তু সময় যে আর নেই হাতে
ইচ্ছে ছিল আমাজানে যাব লিলির খোঁজে
ইচ্ছে ছিল সারা, রাত্রি গল্প করব
তোমার হাত ধরে।
এসব ই এখন মূল্যহীন নিমিষে
আমার সময় শেষ হলো বলে।
৯/১২/১৭

Friday, December 8, 2017

নিলামে প্রেম

এক শতাব্দীর প্রাচীন পাকুড়
শক্তকান্ড প্যাঁচিয়ে এক রাশ ঝুরি
এ সময়টায় রক্ত লাল ফলে ছেয়ে আছে
বত্রিশ নম্বর ব্রিজের গোড়ায়।
লেকের পানি মজে মরে আছে
আজকালতো এই জল অস্পৃশ্য
বিশ্বাস হারানো মানুষের দল
পরস্পরকে সরিয়ে দিচ্ছে
কেনো কে জানে?
বন্য মেয়েটাকে বলেছিলেম -
দিল্লী দেখাতে নিয়ে যাবো
কুতুব মিনার কতটা হেলে আছে
কিংবা রেড ফোরটের
শতাব্দী প্রাচীন অহংকার
মোগল কাবাব আর সূরার পাত্র
মাতাল হয়ে শাহজাহানের সায়ের বলব-
প্রেয়সী আমার পাকুড় গাছটা দেখতে পায়নি
সময়টা ওর বিক্রি হয়ে গেছে অন্যখানে
কবিতারা মার খেয়ে বেড়াচ্ছে
লেকের জলে মরা ফুলের ঘ্রাণ
বংগবন্ধুর বাড়ীটাই শুধু আছে
দোলনচাঁপার বাগানটা আর নাই।

সম্বোধন

সাগর জলে ধুয়েছো আকাশ
রাতের শীতল যাচ্ছে চলে আলোয়ানে
বন্য ফুলের গন্ধ তোমার গায়ে
নরম খোঁপায় পড়ছে দীর্ঘশ্বাস
তপ্ত বাতাস আপ্ত মনে গাইছে
হুরপরী আজ নরম পায়ে হাটছে
রাঙা ওষ্ঠে রং ধরেছে আজ।